শনিবার, ৩১ জানুয়ারি, ২০১৫

অভাব



যখন আমি একা,
নিঃসঙ্গ, নিস্তব্ধ চারিদিক,
খুব ইচ্ছে হয় কাছে পেতে সবাইকে,
খুব ইচ্ছে হয় আঁকড়ে ধরি প্রতিটা মানুষ,
মানুষের প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা কথা, প্রতিটা আঘাত,
খুব বেশি কাছে পেতে ইচ্ছা হয় কোলাহলটাকে।

আবার যখন থাকি মানুষের মাঝে,
চারিদিকে শুধুই কোলাহল,
কখনও হাসি, কখনও কান্না, কখনও আবার অদ্ভুত নির্লিপ্ততা,
এই সবকিছুই আমাকে ঠেলে দিতে চায় দূরে,
অনেকটা দূরে, তেপান্তরের মাঠ পেরিয়ে,
অদ্ভুত কোন এক খোলা প্রান্তরে,
যেখানে থাকি শুধু আমি আর আমার নিঃসঙ্গতা।
খুব বেশি কাছে পেতে ইচ্ছে করে নিজেকে।

ইদানীং সময়টা বড় অদ্ভুত,
বড় বেশি অন্যরকম কাটে,
বড় বেশি ঈশ্বরহীনতায় কাটে প্রতিটা মূহুর্ত।।

রবিবার, ২৫ জানুয়ারি, ২০১৫

ছবির ছবি



তোমার ছবি আমার হলো,
আমার ছবি তোমার।
ছবির খেলায় মেতেছে সব,
কতই ছবির বাহার।

আমিই ছবি, তুমিই ছবি,
সবাই ছবির কবি।
কবির কাছে ছবিই ধাঁধাঁ,
কবিই আবার ছবি।

মুখও ছবি, মুখোশ ছবি,
কথার ছবি এঁকে,
মুখের মুখোশ এঁকে এঁকে,
কথায় তাকে দ্যাখে।

কথা ছবি, ভাষা ছবি,
ব্যথার ছবি আছে,
সুখচ্ছবির চাবি আছে
ব্যথার ছবির কাছে।

ছবির ঘরে ঘরের ছবি,
কোথায় ছবি আঁকে,
ছবিহীনের ছবি খুঁজি
ছবির ঘরে থেকে।